ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে আবারও কর্মস্থলে ফিরেছেন কুমিল্লার মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম সারোয়ার রাব্বী। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তিনি মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পুনরায় দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে গত ৩ আগস্ট হঠাৎ ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হলে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা নেন তিনি। দীর্ঘ চিকিৎসা শেষে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তিনি কর্মস্থলে ফিরে দায়িত্ব পালন শুরু করেছেন।
সারোয়ার রাব্বীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে মুরাদনগর ও বাঙ্গরা উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তাঁর দ্রুত সুস্থতা কামনায় বিভিন্ন মহল থেকে দোয়া ও শুভকামনা জানানো হয়।
বৃহস্পতিবার দায়িত্বে ফেরার পর উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রাও তাঁর কর্মস্থলে ফেরাকে স্বাগত জানিয়েছেন।
এ.বি.এম সারোয়ার রাব্বী চলতি বছরের ২৫ মার্চ মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে মুরাদনগরের পাশাপাশি নবগঠিত বাঙ্গরা উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য তাঁকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। এ বিষয়ে গত ১৪ জুলাই চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
দায়িত্ব নেওয়ার পর থেকেই জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন ইউএনও সারোয়ার রাব্বী। বিশেষ করে স্থানীয় অবৈধ মাটির ব্যবসা, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তাঁর দৃঢ় অবস্থান স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। প্রশাসনিক দায়িত্ব পালনে তাঁর সক্রিয়তা ও জনবান্ধব কর্মকাণ্ডেও ইতিবাচক সাড়া পেয়েছেন স্থানীয়রা।
দীর্ঘ চিকিৎসা শেষে কর্মস্থলে ফিরে আসায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়রা তাঁকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে তাঁর সুস্থতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন তাঁরা।