কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের কর্মমুখী ও দক্ষ করে তোলার অংশ হিসেবে চীনের স্বনামধন্য প্রতিষ্ঠান ‘এসএবি (SAB) গ্রুপ’-এ চাকরির সুযোগ তৈরিতে বিশেষ কারিগরি প্রশিক্ষণের আয়োজন করা হয়। ইনস্টিটিউটের ৩৫ জন শিক্ষার্থী এই এক মাসব্যাপী প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষণে শিক্ষার্থীদের বাস্তবমুখী কারিগরি দক্ষতা বৃদ্ধি, আত্মবিশ্বাস তৈরি এবং আধুনিক শিল্পকারখানার কর্মপরিবেশের উপযোগী করে গড়ে তোলার ওপর বিশেষ জোর দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে চীনা প্রতিষ্ঠানের প্রতিনিধি দল সরাসরি সাক্ষাৎকার গ্রহণ করে ৩৫ জনের মধ্য থেকে মেধাবী ১৫ জন শিক্ষার্থীকে চূড়ান্তভাবে চাকরির জন্য মনোনীত করে।
এই যুগান্তকারী ও সময়োপযোগী উদ্যোগ বাস্তবায়নে প্রধান ভূমিকা পালন করেন কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মাজহারুল ইসলাম চৌধুরী। এছাড়া সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতায় ছিলেন উপাধ্যক্ষ প্রকৌশলী শাখাওয়াত হাসান চৌধুরীসহ সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকবৃন্দ।
এই কার্যক্রমে বিশেষ সহযোগিতায় ছিলেন কম্পিউটার বিভাগের চিফ ইন্সট্রাক্টর ইঞ্জিনিয়ার আবদুল ওয়াদুদ, মেকানিক্যাল বিভাগের ১ম শিফটের চিফ ইন্সট্রাক্টর ইলিয়াস হোসাইন, ২য় শিফটের চিফ ইন্সট্রাক্টর শফিউল ইসলাম, ইলেকট্রিক্যাল বিভাগের চিফ ইন্সট্রাক্টর ইঞ্জিনিয়ার বশির আহমেদ এবং ইন্সট্রাক্টর আমিনুর রহমান আমিন ও ফারুকুল ইসলাম।
পড়াশোনা শেষ হওয়ার আগেই স্বনামধন্য বহুজাতিক প্রতিষ্ঠানে এমন মর্যাদাপূর্ণ চাকরির সুযোগ পাওয়ায় নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে। শিক্ষার্থীরা এই চমৎকার সুযোগ তৈরি করে দেওয়ায় তাঁদের প্রিয় শিক্ষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষাপ্রতিষ্ঠান ও বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠানের এই ধরনের যৌথ উদ্যোগ কারিগরি শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের দ্রুত কর্মসংস্থানে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।