ডেঙ্গুর বিস্তার ঠেকাতে চিকিৎসার পাশাপাশি পরিচ্ছন্নতা ও জনসচেতনতার ওপর গুরুত্ব দিয়ে কুমিল্লার মুরাদনগরে শুরু হয়েছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কবি নজরুল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
জাতীয় কর্মসূচির অংশ হিসেবে একই দিন সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে দেশব্যাপী তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মুরাদনগরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম সারোয়ার রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা জাতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি উপভোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির সদস্যসচিব মোল্লা মজিবুল হক, উপজেলা কৃষক দলের সভাপতি নায়েব আলী, সাংবাদিক বেলাল উদ্দিন আহম্মদ, উপসহকারী কৃষি কর্মকর্তা সূফি আহমেদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য হলো এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করা এবং ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা। পাশাপাশি বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার বিষয়েও প্রচার চালানো হবে।
বিশেষ করে বাসাবাড়ি কিংবা আশপাশে যাতে কোনো ধরনের পানি জমে না থাকে, সেদিকে নজর দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। কারণ জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার ঘটতে পারে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী তিন মাস প্রতি শনিবার দেশব্যাপী এ ধরনের পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। স্থানীয় পর্যায়ে ধারাবাহিক এসব উদ্যোগের মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

